উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা করতে চীন থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসেছেন। বৃহষ্পতিবার (২৪ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
এই প্রতিনিধি দলে রয়েছেন বার্ন, ট্রমা ও ইনটেনসিভ কেয়ারে অভিজ্ঞ চিকিৎসক লিউ শুহুয়া, ইয়াং ফেই, লি জে, ঝাং জিনলি ও লিউ হুয়ান। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় অংশ নেবেন।
বিশেষজ্ঞ এই দলটি আহতদের জন্য বিশেষায়িত চিকিৎসা, কারিগরি সহায়তা ও পেশাগত পরামর্শ প্রদান করবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গুরুতর আহতদের সার্বিক চিকিৎসা নিশ্চিতে এই আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


