“নতুন সংবিধান, বিচার সংস্কার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজপথে রয়েছে,” — এমনটাই বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সিলেটের শহীদ মিনারে অনুষ্ঠিত এক পদযাত্রা-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই পদযাত্রাটি ছিল এনসিপির চলমান ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ।
নাহিদ ইসলাম বলেন, “আমরা আগামী ৩ আগস্ট শহীদ মিনারে জড়ো হচ্ছি ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ আদায়ের লক্ষ্যে। ইনশাআল্লাহ, শহীদ মিনার থেকেই তা আদায় করে ছাড়বো।”
তিনি আরও বলেন, “নতুন সেই সংবিধানে থাকবে জনগণের মৌলিক অধিকার, সিলেটবাসীর মর্যাদা এবং প্রবাসী ভাইদের ভোটাধিকার।”
সমাবেশে নাহিদ ইসলাম বলেন, “এই সিলেট থেকে ইসলামের সম্প্রীতি ও ইনসাফের বাণী সারা দেশে ছড়িয়ে পড়েছে। এটি বহুজাতি ও বহু সংস্কৃতির মিলনস্থল। সিলেটের ইতিহাস ও ঐতিহ্য আমাদের জাতীয় চেতনার অংশ। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আমাদের জুলাই অভ্যুত্থান পর্যন্ত সিলেটের ভূমিকা অনস্বীকার্য।”
প্রবাসী সিলেটিদের অবদান প্রসঙ্গে তিনি বলেন, “লন্ডনে বাংলাদেশের অধিকাংশ প্রবাসী হচ্ছেন সিলেটি। তাঁদের ঘামে আজও বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরছে। আমরা সেই প্রবাসীদের ভোটাধিকার ও রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে আন্দোলন করছি।”


