লেবাননে ইরানের নিযুক্ত রাষ্ট্রদূতের স্বীকৃতি বাতিল করে তাকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে তাকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা শেইবানিকে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত ব্যক্তি) ঘোষণা করা হয়েছে এবং আগামী রোববারের (২৯ মার্চ) মধ্যে তাকে দেশ ত্যাগ করতে বলা হয়েছে।
লেবাননে নিযুক্ত ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
বিবৃতিতে আরও বলা হয়, কূটনৈতিক নিয়ম ও প্রচলিত প্রথা লঙ্ঘনের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একইসঙ্গে লেবানন তার ইরানে নিযুক্ত রাষ্ট্রদূতকেও তলব করেছে।
উল্লেখ্য, বৈরুতের অভিযোগ- ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হিজবুল্লাহর সামরিক কার্যক্রমে নির্দেশনা দিচ্ছে।
এই ঘটনার ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।


