বার্সেলোনা তাদের প্রাক-মৌসুম এশিয়ান সফরের অংশ হিসেবে জাপানের ভিসেল কোবের বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিল করেছে। ক্লাবটি জানায়, ‘গুরুতর চুক্তি লঙ্ঘনের’ কারণে ম্যাচটি বাতিল করা হয়েছে। একই কারণে, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচও বাতিল হতে পারে বলে সতর্ক করেছে কাতালান জায়ান্টরা।
আগামী রোববার (২৭ জুলাই) জে-লিগ ক্লাব ভিসেল কোবের বিপক্ষে বার্সেলোনার ম্যাচটি হওয়ার কথা ছিল। এরপর, ৩১ জুলাই এফসি সিউল এবং ৪ আগস্ট দায়েগু এফসি’র বিপক্ষে আরো দুটি ম্যাচ খেলার কথা ছিল। তবে এখন এশিয়ান সফরের প্রথম দুটি ম্যাচ বাতিল হওয়ার অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে,‘বার্সেলোনা ঘোষণা দিচ্ছে যে, আগামী রোববার জাপানের বিপক্ষে যে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা প্রমোটরের পক্ষ থেকে গুরুতর চুক্তি লঙ্ঘনের কারণে বাতিল করা হলো। বার্সেলোনা এই ঘটনার জন্য এবং জাপানের অসংখ্য বার্সা ভক্তের উপর এর প্রভাবের জন্য অত্যন্ত অনুতপ্ত।’
ক্যারিয়ারের শেষ প্রান্তে বার্সেলোনার স্প্যানিশ তারকা আন্দ্রেস ইনিয়েস্তা ভিসেল কোবে খেলেছেন। তবে, ভিসেল কোব জানিয়েছে যে তারা বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং এটি ভক্তদের জন্য হতাশাজনক হতে পারে। এক বিবৃতিতে তারা বলেছে,‘এই ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা অনেক ভক্ত এবং অংশীদারদের মধ্যে এর ফলে কোনও উদ্বেগের সৃষ্টি হতে পারে। আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’
এদিকে, সফরের প্রমোটর সিউল ভিত্তিক প্রতিষ্ঠান ডি-ড্রাইভ জানায়, তারা আত্মবিশ্বাসী যে দক্ষিণ কোরিয়ার ম্যাচে কোনও প্রভাব পড়বে না এবং তা যথাসময়ে অনুষ্ঠিত হবে।


