আক্রমণ-পাল্টা আক্রমণ, গোলের জবাবে গোল-প্রথমার্ধে লড়াই হলো জমজমাট। দুইবার পিছিয়ে পড়ে সমতা ফেরাল নিউক্যাসল ইউনাইটেড। বিরতির পর অবশ্য লড়াইটা হয়ে গেল একপেশে। বিশাল জয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল বার্সেলোনা।
শেষ ষোলোর প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে শেষ মুহূর্তের গোলে ১-১ ড্র করেছিল বার্সেলোনা। ফিরতি লেগে বুধবার রাতে কাম্প নউয়ে ৭-২ গোলে জিতে লক্ষ্য পূরণ করল হান্সি ফ্লিকের দল।
রাফিনিয়া ও মার্ক বের্নালের গোলে বার্সেলোনা দুইবার এগিয়ে যাওয়ার পর, দুইবারই সমতা টানেন অ্যান্থনি এলাঙ্গা। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে আবার দলকে এগিয়ে নেন লামিনে ইয়ামাল।
দ্বিতীয়ার্ধের শুরুতে ফের্মিন লোপেসের লক্ষ্যভেদের পর, জোড়া গোল করেন রবের্ত লেভানদোভস্কি। পরে নিজের দ্বিতীয় গোলের দেখা পান রাফিনিয়াও।
পুরো ম্যাচে প্রায় ৬৩ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৮টি শট নিয়ে ১৩টি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। আর নিউক্যাসলের আট শটের পাঁচটি লক্ষ্যে ছিল।
দারুণ এক আক্রমণে ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। মাঝমাঠে চমৎকারভাবে প্রতিপক্ষের একজনকে কাটিয়ে পাস দেন ইয়ামাল। রাফিনিয়ার পা ছুঁয়ে বক্সে বল পান ফের্মিন লোপেস। সতীর্থের ফিরতি পাস পেয়ে বাঁ পায়ের শটের দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন রাফিনিয়া।
বার্সেলোনার রক্ষণের দুর্বলতায় পঞ্চদশ মিনিটে সমতায় ফেরে নিউক্যাসল। বাঁ দিক থেকে লুইস হলের পাস বক্সে ফাঁকায় পেয়ে এগিয়ে আসা গোলরক্ষকের পাশ দিয়ে শটে বল জালে পাঠান এলাঙ্গা।
দুই মিনিট পরই অবশ্য লিড পুনরুদ্ধার করে স্বাগতিকরা। রাফিনিয়ার ফ্রি-কিকে বক্সে জেরার্দ মার্তিনের হেড পাসে ভলিতে বল জালে পাঠান বের্নাল।
এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডারের গোল হলো পাঁচটি।
ইয়ামালের ভুলে ২৮তম মিনিটে আবার সমতায় ফেরে সফরকারীরা। বক্সের বাইরে ইয়ামালের ব্যাক-হিল ফ্লিকে বল পেয়ে লুইস হল পাস দেন বক্সে। হার্ভি বার্নসের পাসে হল পা ছোঁয়ায় না পারলেও, দূরের পোস্টে ফাঁকা জালে বল পাঠান এলাঙ্গা।
৪০তম মিনিটে আবার এগিয়ে যেতে পারত বার্সেলোনা। প্রতিপক্ষের ভুলে বল পেয়ে বক্সে ঢুকে পড়েন রাফিনিয়া। তার পাসে লেভানদোভস্কির শট ব্যর্থ করে দেন নিউক্যাসল ডিফেন্ডার ড্যান বার্ন।
প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে আরেকটি সুযোগ নষ্ট হয় বার্সেলোনার। রাফিনিয়ার শট গোলরক্ষক ঠেকানোর পর কাছ থেকে অবিশ্বাস্যভাবে উড়িয়ে মারেন ইয়ামাল।
প্রথমার্ধের শেষ কিকে পেনাল্টি থেকে তৃতীয় দফায় বার্সেলোনাকে এগিয়ে নেন ইয়ামাল। বক্সে রাফিনিয়াকে নিউক্যাসলের ডিফেন্ডার কিরান ট্রিপিয়ার টেনে ফেলে দিলে মনিটরে দেখে পেনাল্টিটি দিয়েছিলেন রেফারি।
নিজে পেনাল্টি না নিয়ে ইয়ামালের হাতে বল তুলে দেন রাফিনিয়া। প্রথম লেগে শেষ মুহূর্তে পেনাল্টি থেকেই দলকে সমতায় ফিরিয়েছিলেন তরুণ স্প্যানিশ তারকা।
দ্বিতীয়ার্ধের শুরুতে নিউক্যাসলের ওপর চাপ বাড়ায় বার্সেলোনা। ৫১তম মিনিটে আরেকটি দারুণ আক্রমণে ৪-২ গোলে এগিয়ে যায় তারা। নিজেদের অর্ধ থেকে সতীর্থের পাস মাঝমাঠে পেয়ে প্রথম স্পর্শে থ্রু বল বাড়ান রাফিনিয়া আর বল ধরে বক্সে ঢুকে গোলরক্ষকের পাশ দিয়ে জালে পাঠান ফের্মিন লোপেস।
৫৬তম মিনিটে রাফিনিয়ার কর্নারে হেডে ব্যবধান বাড়ান লেভানদোভস্কি। চার মিনিট পর ইয়ামালের পাস বক্সে পেয়ে নিজের দ্বিতীয় গোল করেন ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা এই পোলিশ তারকার গোল হলো মোট ১০৯টি।
৭২তম মিনিটে প্রতিপক্ষের ভুলে বল পেয়ে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনিয়া। বাকি সময়ে ব্যবধান আরও বাড়ানোর সুযোগও এসেছিল, কিন্তু কাজে লাগাতে পারেননি ইয়ামালরা।
এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল হলো ১৯টি। গত রোববার লা লিগায় সেভিয়ার বিপক্ষে দলের ৫-২ গোলের জয়ে হ্যাটট্রিক করেছিলেন তিনি।
শেষ আটে আতলেতিকো মাদ্রিদ অথবা টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হবে বার্সেলোনা।


