বগুড়ার সান্তাহারে দুর্ঘটনায় কবলিত নীলসাগর এক্সপ্রেসের ট্রেনের নয়টি বগি লাইনচ্যুতর ঘটনায় শিডিউল বিপর্যয়ের কারণে পঞ্চগড় থেকে তিনটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এরমধ্যে একটি ঢাকাগামী হলেও, অন্য দুটি পার্বতীপুর ও রাজশাহী গামী ছিল।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৯টার দিকে বাংলাবান্ধা এক্সপ্রেস, দুপুর ১২টা ১০ মিনিটে পঞ্চগড় এক্সপ্রেস ও দুপুর ৩টা ৩০ মিনিটের কাঞ্চন আন্তঃনগর কমিউটার ট্রেনের ডাউন যাত্রা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে পঞ্চগড় রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম জাহিদ।
তিনি বলেন, ‘দুর্ঘটনার কারণে বড় ধরনের এই শিডিউল বিপর্যয় হয়েছে। আপ সিডিউলে কোনো প্রভাব না থাকলেও, ডাউনে এর প্রভাব পড়েছে। তাই বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ৩টি ট্রেনের ডাউন শিডিউল বাতিল করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এর মধ্যে যারা ৩টি ট্রেনে টিকিট ক্রয় করেছে তাদের টিকিটের মূল্য ফেরত দেওয়া হবে। একই সাথে শিডিউল স্বাভিব পর্যায়ে ফিরে আসার পর আগামীকাল শুক্রবার থেকে আবারও যথা সময়ে ট্রেনগুলো পঞ্চগড় থেকে যাত্রা শুরু করবে।’


