রাজধানীর মোহাম্মদপুরে সাংবাদিক আহমাদ ওয়াদুদের মোবাইল ছিনতাইয়ের ঘটনায় পুলিশের অসদাচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সাংবাদিক আহমাদ ওয়াদুদের ফেসবুক পোস্ট ‘মোহাম্মদপুর থানা পুলিশের সঙ্গে এক ঘণ্টা’ আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
এতে আরও জানানো হয়, অভিযোগটি আমলে নিয়ে এসআই জসিম, এএসআই আনারুল, কনস্টেবল নুরুন্নবী ও কনস্টেবল মাজেদুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে ডিপিএস অফিসে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে পুলিশ বাহিনী অসদাচরণের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
পুলিশ আরও জানায়, সাংবাদিকের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সাংবাদিক আহমাদ ওয়াদুদ বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে ছিনতাইয়ের শিকার হন। সশস্ত্র দুর্বৃত্তরা তার মোবাইল, মানিব্যাগ ও টাকা ছিনিয়ে নেয়। হামলায় তিনি চাপাতির আঘাতে আহত হলেও গুরুতর নন। তার স্ত্রী পাশে থাকলেও নিরাপদে ছিলেন।
ঘটনার পর তিনি দ্রুত মোহাম্মদপুর থানায় যান এবং পুরো অভিজ্ঞতা ফেসবুকে পোস্ট করেন। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, এবং তা ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
শুক্রবার বিকেলে ‘ঐক্যবদ্ধ মোহাম্মদপুর’ ব্যানারে থানার সামনে একদল মানুষ বিক্ষোভ করেন এবং মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানের অপসারণ দাবি জানান।


